
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা কার্যক্রম বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে মব বা গণপিটুনির মতো অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ জোরদার এবং সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মডেল মসজিদ স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় স্কুল-কলেজে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে নৈতিক শিক্ষা বিষয়ক আলোচনা ও কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
Reporter Name 


















