
বরিশাল প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সরকারের বাস্তবায়িত, চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জে সংসদ সদস্যের বাসভবনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সড়ক যোগাযোগ, সামাজিক নিরাপত্তা, নদীভাঙন রোধসহ বিভিন্ন খাতের উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় ইট সোলিং ও মাটির রাস্তা নির্মাণ, মাঠ ভরাট, মসজিদ-মাদ্রাসা-মন্দির ও ক্লাব সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠানে টয়লেট ও ওজুখানা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার এবং কালভার্ট নির্মাণসহ মোট ১৬৬টি প্রকল্প নেওয়া হয়েছে।
এ ছাড়া খাল খনন ও পুনঃখনন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও নতুন ভবন নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, নগদ অনুদান ও খাদ্যশস্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।
স্বাস্থ্য ও জনস্বাস্থ্য খাতে ১ হাজার ১০৫টি টুইন-পিট টয়লেট, চারটি কমিউনিটি টয়লেট, একটি ওভারহেড ট্যাংক ও ১১৩টি গভীর নলকূপ নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন করে ৩৫৫ জনকে বয়স্ক ভাতা, ৪১৭ জনকে বিধবা ভাতা এবং ১ হাজার ৫৩৯ জনকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার তথ্য দেওয়া হয়। নারী ও শিশু উন্নয়ন খাতে ৩ হাজার ৩০৯ জনকে ভিজিডি কার্ড প্রদান, নারী প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও কিশোর-কিশোরী ক্লাব কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।
কৃষি খাতে ২ হাজার ৮৪০ জন কৃষকের জন্য কৃষক কার্ড, ৭ হাজার ৮০০টি চারা, ১১ মেট্রিক টন ধানবীজ এবং ১২০ দশমিক ৪ মেট্রিক টন জৈব সার বিতরণের তথ্য জানানো হয়। মৎস্য খাতে ৫৫০ কেজি পোনা অবমুক্তকরণসহ ঝিনুক ও খাঁচায় মাছ চাষের প্রকল্প রয়েছে।
এলজিইডি ও পৌরসভার আওতায় কার্পেটিং ও আরসিসি সড়ক, সেতু-কালভার্ট, ড্রেন, পার্ক, মার্কেট ও সাইক্লোন সেন্টার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনাও তুলে ধরা হয়। যুব উন্নয়ন খাতে প্রশিক্ষণ ও ঋণ প্রদান এবং পরিবেশ উন্নয়নে ২০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানানো হয়। পাশাপাশি নদীভাঙন রোধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথা তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু, চেয়ারম্যান হারুন অর রশিদ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বাকেরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
Reporter Name 



















