সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তাসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের উদ্যোগে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি সখিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বায়ক মাসুদ আল আজমের সভাপতিত্বে এবং জুলাই যোদ্ধা আজহারুল ইসলাম ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য মনি আহম্মাদ, জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্যসচিব মুজাহিদ বিন ফিরোজ, সংগঠক মো. আব্দুল্লাহ, দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক মাহফুজুল আলম জীবন, সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের সদস্যসচিব সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, জুলাই যোদ্ধা মিজানুর রহমান, শাহিনুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের প্রকাশ্য কার্যক্রম বা উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার অভিযোগ রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
Reporter Name 


















