সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার তালা ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মোবারাকপুর দুর্গা মন্দির থেকে মহন্দি পিসি রোড পর্যন্ত প্রায় ১১৭০ মিটার নতুন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় তালা উপজেলার মোবারাকপুর ব্রিজ মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
উদ্বোধনী বক্তব্যে এমপি ইজ্জত উল্লাহ বলেন, “একটি অঞ্চলের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। গ্রামীণ সড়কের উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়।” তিনি জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ নাথ হালদার, উপসহকারী প্রকৌশলী সজল কুমার শীল, সার্ভেয়ার ও নকশাকার আব্দুস সালাম এবং ঠিকাদার ফরহাদ হোসেন তপুর পক্ষে ইলিয়াস হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, মাওলানা কবিরুল ইসলাম, তালা উপজেলা শিবির সভাপতি মো. শাহিদুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. মফিজুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির মো. মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সড়কটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।
Reporter Name 



















