
সাতক্ষীরা প্রতিনিধিঃঃ
‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন হয়। পরে তালা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জাতীয় মৎস্য পক্ষ ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস স্বর্ণার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইদ্রিস আলী, বিএনপি নেতা অধ্যাপক মোশাররফ হোসেন, যুবদল নেতা সাইদুর রহমান ও ফারুক হোসেন জোয়ার্দার, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রফিজ উদ্দীন এবং মৎস্যজীবী সমিতির প্রতিনিধি মনিশংকর হালদারসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও টেকসই মৎস্যচাষে চাষিদের আরও সম্পৃক্ত করতে হবে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও এ খাত আরও বড় ভূমিকা রাখতে পারে।
সভা শেষে সফল মৎস্যচাষি হিসেবে মো. বোরহান উদ্দীন, খলিলুর রহমান, আব্রাহাম রাসেল, রাজিন সালেহ ও নাসির নিকারীকে সম্মাননা দেওয়া হয়।
পরে তালা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















