
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নতুন নীতিমালা এবং কীটনাশক ব্যবস্থাপনায় অনলাইন অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সার ও কীটনাশক ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিলন কুমার রায় এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা, সৈয়দ ফাহিম ও সাখায়াত হোসেন তুহিন।
ডিলারদের পক্ষে আলোচনায় অংশ নেন বিসিআইসি ডিলার নুরুল হুদা বাবু, মীর জিয়া, সাইদুর রহমান, রফিকুল ইসলাম ও মাসুম বিল্লাহ মন্টুসহ উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক ডিলার।
সভায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করা, সারের সুষ্ঠু বিতরণ ব্যবস্থা বজায় রাখা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া কীটনাশক ডিলারদের জন্য অনলাইন বালাইনাশক অটোমেশন পদ্ধতি বাস্তবায়ন, নিবন্ধন, তথ্য সংরক্ষণ ও সেবা ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভা শেষে উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, “কৃষকদের সুবিধা নিশ্চিত করা এবং সার ও বালাইনাশকের বাজার ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সরকার ঘোষিত নতুন নীতিমালার আলোকে ন্যায্যমূল্যে সার বিতরণ এবং অনলাইনভিত্তিক বালাইনাশক অটোমেশন কার্যক্রম বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব।”
তিনি আরও বলেন, “ডিলারদের সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে হবে। কোনো অবস্থাতেই সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। কৃষকদের চাহিদা অনুযায়ী স্বচ্ছ ও ন্যায্যভাবে সার বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে কোনো কৃষক ভোগান্তির শিকার না হন।”
সভায় উপস্থিত ডিলাররা নতুন নীতিমালা বাস্তবায়নে কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 






















