সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে বিচারকের শূন্য পদ দ্রুত পূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবী, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের সামনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরার উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের জয়েন্ট কনভেনার মাধব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোস্তফা আসাদুজ্জামান দিলু, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৌরভ হোসেন এবং নেটওয়ার্কের সদস্য সাবিনা ইয়াসমিন লিমা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে বিচারকের পদ শূন্য থাকায় বিচারপ্রার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মামলা নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্ব সৃষ্টি হচ্ছে, ফলে ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক না থাকায় সংবেদনশীল মামলাগুলোর বিচার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা অবিলম্বে শূন্য পদে বিচারক নিয়োগ দিয়ে আদালতের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত বিচারক নিয়োগের দাবি পুনর্ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্যসচিব অ্যাডভোকেট মনিরুদ্দিন।
মানববন্ধনে সংগঠনের সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
Reporter Name 



















