নেছারাবাদ (স্বরূপকাঠি) প্রতিনিধি;
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কৃতি সন্তান মো. নাহিদ হাসান। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহকর্মী ও স্বরূপকাঠীবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।সে পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুল হাই এর ছোট ছেলে।
মো. নাহিদ হাসানের শিক্ষাজীবনের সূচনা স্বরূপকাঠী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে মাধ্যমিকে জিপিএ-৫ (এ+) অর্জনের পর তিনি শহীদ স্মৃতি মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ-৫ (এ+) লাভ করেন। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

শিক্ষাজীবন শেষে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা (অফিসার) হিসেবে কর্মজীবন শুরু করেন। ব্যাংকের দায়িত্ব পালন করতে করতেই বিসিএসের স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রস্তুতি চালিয়ে যান। কর্মব্যস্ততার মধ্যেও নিয়মিত অধ্যয়ন, আত্মনিয়ন্ত্রণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর উত্তীর্ণ হওয়ার পর একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত লিখিত পরীক্ষায়ও সফলতা অর্জন করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১১ মে শুরু হওয়া মৌখিক পরীক্ষায় আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতার পরিচয় দিয়ে তিনি পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হন।
একজন অর্থনীতির শিক্ষার্থী থেকে ব্যাংক কর্মকর্তা এবং সেখান থেকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুলিশ ক্যাডারে উত্তরণের এই সাফল্য তার অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও লক্ষ্যনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সাউথ বেঙ্গল নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নাহিদ হাসনা বলেন, এই অর্জন শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়; এটি স্বরূপকাঠী তথা পুরো অঞ্চলের জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাবে, পরিশ্রম করতে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
পরিবার, শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, দেশ ও জনগণের সেবায় একজন সৎ, দক্ষ, মানবিক ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে মো. নাহিদ হাসান ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
Reporter Name 























