
নিজস্ব প্রতিবেদক ;
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং রামিসাসহ সকল শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার দ্রুত বিচার দাবি করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র চেয়ারম্যান শেখ সালাউদ্দিন ছালু।
এক বিবৃতিতে তিনি বলেন, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, দুর্নীতি ও দায়িত্বহীনতার কারণেই সাধারণ মানুষ আজ কার্যকর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হামের মতো প্রতিরোধযোগ্য রোগেও শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি রাষ্ট্রের ব্যর্থতার বহিঃপ্রকাশ।
শেখ সালাউদ্দিন ছালু বলেন, দেশে স্বাস্থ্যসেবার সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে কার্যকর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এনপিপি চেয়ারম্যান বলেন, “রামিসাসহ সকল শিশু নির্যাতন ও হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর করতে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
Reporter Name 


















