সাউথ বেঙ্গল নিউজ | ঢাকা
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্দেশের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।
এর মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের ওই সংসদ সদস্য পদটি শূন্য হয়েছে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর দল ও সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত গ্রহন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবার প্রমাণ করে দিলেন, দলে কোনো চোর-বাটপার আর দখলদারের জায়গা হবে না। দখল-সন্ত্রাস ও চাঁদাবাজদের ‘লাল কার্ড’ দেখালেন প্রধানমন্ত্রী। তার সরাসরি নির্দেশে গতকাল জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন এমপি মিষ্টি। তবে অভিযোগের বিষয়ে মিষ্টি নিজে হামলার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর সম্পৃক্ততার অভিযোগও উঠে এসেছে।
ঘটনার তদন্তে মিষ্টির সঙ্গে স্থানীয় কয়েকজন নেতার ঘনিষ্ঠতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। একই সঙ্গে ২০০৬ সালে স্থানীয় একটি সমবায় সমিতির মাধ্যমে ওই জমি বরাদ্দের উদ্যোগে মিষ্টির সম্পৃক্ততার বিষয়টিও প্রতিবেদনে এসেছে। মিষ্টির বক্তব্য অনুযায়ী, ওই সময় সমিতির নামে জমি বরাদ্দের আবেদনে তাঁর স্বাক্ষর থাকলেও পরবর্তী সময়ে সমিতির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিএনপির ঢাকা মহানগর উত্তর, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও সামনে এসেছে। দলের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
Reporter Name 





















