
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী হাসান (২৫) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতাপনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) নিতীশ বিশ্বাস জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী মারুফ বিল্লাহ বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ২৩ সেপ্টেম্বর আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করায় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে প্রতাপনগর পশ্চিম মাথার বিট হাউস মোড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মালিকানাধীন ভাড়া দেওয়া একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দোকানটি ভাড়া নিয়ে ‘মহিব টেলিকম অ্যান্ড স্টোর’ নামে ব্যবসা পরিচালনা করতেন মারুফ বিল্লাহ। দোকানের পেছনেই বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের বসতবাড়ি অবস্থিত।
মামলার অভিযোগে বলা হয়, ঘটনার একদিন আগে ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিকাশের লেনদেনকে কেন্দ্র করে মারুফ বিল্লাহর ছোট ভাই মহিবুল্লাহর সঙ্গে মেহেদী হাসানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মেহেদী হাসান তাকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে যান এবং তার মুঠোফোন নিয়ে নেন। এ সময় দোকানে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মারুফ বিল্লাহ জানান, ১৯ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে তার ছোট ভাই দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত দেড়টার দিকে স্থানীয় লিয়াকত আলীর ফোনে দোকানে আগুন লাগার খবর পান তারা। পরে মহিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মাহমুদা খাতুনসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Reporter Name 



















