
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় তৃণমূল পর্যায়ে নারীর অধিকার, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের তালতলা এলাকার সোনার বাংলা চাইনিজ কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা আরা’র আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘রেসপন্স, এনগেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্কিং ফর এক্সক্লুডেড উইমেন’ প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আরা’র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং পৌরসভা সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান।
এছাড়া তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সম্মেলনে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী নির্যাতন প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা নারীবান্ধব সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 



















