
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে নওগাঁর সাপাহারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাপাহার থানা ও সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিভিন্ন দিক, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের চালিকাশক্তি। তাই মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক লিংক থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
তারা আরও বলেন, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টাই এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার, এএসপি মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমসহ শিক্ষক, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Reporter Name 



















