
বরিশাল প্রতিনিধি:
বরিশালে একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল আজিজ হাওলাদারকে মারধর এবং জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ।
অভিযোগে বলা হয়, গত ২৭ জুন রাতে বরিশাল নগরের সদর রোড এলাকায় নিজ অফিসে অবস্থানকালে ‘বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড’-এর চেয়ারম্যান এবং অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করা হয়। একই সঙ্গে তাকে ভয়ভীতি প্রদর্শন করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ কমিশনার আশিক সাঈদ জানান, ঘটনার পরপরই বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) ও অন্যান্য ইউনিটের একাধিক দল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে রোববার দুপুরে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।
Reporter Name 






















