
প্রতিনিধি,নেছারাবাদ ;
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলাসহ দেশের ১০টি উপজেলায় ১০ টি ব্লকে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করতে ‘কৃষক কার্ড’ যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে এই স্মার্ট কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি সহায়তা, ভর্তুকি এবং ন্যায্যমূল্যে বীজ ও সার পাওয়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার দুপুরে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি ব্লকের রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার, বরিশাল অঞ্চলের উদ্যান বিশেষজ্ঞ জি. এম. এম. কবীর খান এবং নেছারাবাদ উপজেলা কৃষি অফিসার মোঃ মাহফুজুর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কৃষি বিভাগের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, তথ্য যাচাই-বাছাই এবং তালিকাভুক্ত করা হবে।
কৃষক কার্ডের মাধ্যমে সরকারি প্রণোদনা ও সহায়তা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি কার্ডধারী কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, সহজ শর্তে কৃষিঋণ গ্রহণ এবং কৃষি বীমা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিজিটাল পদ্ধতিতে মাঠপর্যায়ে কৃষক কার্ড যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকরা বিশেষ অগ্রাধিকার পাবেন।
বর্তমানে নেছারাবাদ উপজেলায় মাঠপর্যায়ের কৃষি কর্মীরা কৃষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
Reporter Name 



















