
সাতক্ষীরা প্রতিনিধি:
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও বসতে যাচ্ছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই মেলা। মেলাকে ঘিরে ইতোমধ্যে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবার মেলার পরিসর আগের তুলনায় কিছুটা সীমিত হতে পারে। অতীতে মেলায় সার্কাস, যাত্রাপালা, হাউজি, যাদু প্রদর্শনী, মৃত্যুকূপ ও বিচিত্রা অনুষ্ঠানের মতো নানা বিনোদনের আয়োজন থাকলেও এবার সেসব আয়োজনের অনেকগুলোই থাকছে না। তবে শতবর্ষের ঐতিহ্য বহনকারী এ মেলা পুনরায় শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে, গুড়পুকুরের মেলা শুধু কেনাবেচার একটি বাণিজ্যিক আয়োজন নয়; এটি এ অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে মেলাটি গ্রামীণ সংস্কৃতি, বিনোদন এবং সামাজিক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে। মেলার সময় জেলার বিভিন্ন এলাকা ও দেশের নানা প্রান্ত থেকে আত্মীয়-স্বজনরা একত্রিত হন। পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরে বেড়ানো, কেনাকাটা এবং নতুন প্রজন্মের কাছে লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার একটি অনন্য সুযোগ সৃষ্টি হয়।
দীর্ঘ বিরতির পর এবার উৎসবমুখর পরিবেশে মেলা আয়োজনের প্রত্যাশা করছেন আয়োজক ও স্থানীয় বাসিন্দারা। মেলা চলাকালে অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা রোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Reporter Name 



















