কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে ঋণের টাকা নিয়ে আশা এনজিওর কার্যালয় থেকে বের হওয়ার সময় শাখেরা বেগম নামে এক নারীর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৮ অক্টোবর বেলা ২টা ২৫ মিনিটে হারবাং বাসস্টেশন এলাকার আব্দুস সালাম মার্কেটের দ্বিতীয় তলায় এনজিও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হারবাং পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শাখেরা বেগম হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নোনাছড়ি এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, পারিবারিক দেনাপাওনা পরিশোধের জন্য তিনি আশা এনজিওর হারবাং শাখা থেকে সাপ্তাহিক কিস্তিতে পরিশোধের শর্তে ৭৫ হাজার টাকা ঋণ নেন। ঋণের টাকা নিয়ে কার্যালয় থেকে বের হওয়ার সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাঁকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে কার্যালয়ের সামনেই তাঁর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে যায় তারা।
শাখেরা বেগম অভিযোগে বলেন, আকস্মিকভাবে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ায় তিনি অভিযুক্তদের পরিচয় বা বিস্তারিত তথ্য শনাক্ত করতে পারেননি। পরে আশপাশের লোকজনের কাছে সহযোগিতা চান। তবে এখনো ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।
ভুক্তভোগীর ছেলে সোহেল রানা বলেন, তাঁদের পরিবারের অনেক দেনাপাওনা ছিল। সেসব পরিশোধের জন্য আশা এনজিও থেকে ৭৫ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছিল। তাঁর মায়ের অভিযোগ, টাকা নিয়ে বের হওয়ার পরপরই দুই ব্যক্তি চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনজিও কার্যালয় থেকে টাকা উত্তোলনের পরপরই ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীকে আগে থেকে কেউ অনুসরণ করছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Reporter Name 



















