
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন গারুরিয়া ইউনিয়নের বিশিষ্ট ক্লিনিক ব্যবসায়ী শাহীন সিকদার। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি ও তাঁর অনুসারীরা।
যোগদান অনুষ্ঠানে নবাগতদের সদস্য ফরম গ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দীন রোকন ডাকুয়া। এ সময় তিনি তাঁদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে দলে বরণ করে নেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গারুরিয়া ইউনিয়ন শাখা সূত্রে জানা গেছে, শাহীন সিকদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে দলটিতে তাঁর কোনো আনুষ্ঠানিক পদ-পদবি ছিল না। এদিকে এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম বলেন, ‘শাহীন সিকদার নামে জামায়াতের কোনো কর্মীকে আমরা চিনি না।’
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের বিষয়ে শাহীন সিকদার বলেন, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
নবাগতদের স্বাগত জানিয়ে উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দীন রোকন ডাকুয়া বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিকামী সংগঠন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাঁর বিধান বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এ দল কাজ করে যাচ্ছে। সমাজের সর্বস্তরে ইসলামী আইন প্রতিষ্ঠার দাবিতে দলটি রাজপথে সোচ্চার রয়েছে। দলের আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কাওসার আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবদুস সবুর এবং গারুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।
যোগদান অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে শাহীন সিকদার তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে গাড়িবহরসহ চরমোনাইয়ের উদ্দেশে রওনা হন। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মরহুম পীর সাহেবের কবর জিয়ারত এবং বর্তমান পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে বলে জানা গেছে।
Reporter Name 




















