সাতক্ষীরা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সাতক্ষীরায় পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে দিকনির্দেশনা প্রদান করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজায় আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আখতারুজ্জামান এবং আনসার ব্যাটালিয়ন (১২ বিএন), সাতক্ষীরার উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. নাজমুল আসফাকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
Reporter Name 


















