কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে শুভ মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে আনন্দঘন ও ভাবগম্ভীর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ বছর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৫টি পূজামণ্ডপে একযোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চারটি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে উপজেলার ২৫টি পূজামণ্ডপে মোট ১৫৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুরুষ সদস্যদের পাশাপাশি নারী আনসার সদস্যরাও নিয়োজিত রয়েছেন।
উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চারটি পূজামণ্ডপের প্রতিটিতে একজন করে পুলিশ সদস্য এবং আটজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সাধারণ পূজামণ্ডপগুলোতে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া উপজেলার সব পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ও কাউখালী থানা পুলিশ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে একাধিক সমন্বয় সভা করেছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে একাধিক সভা করেছি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।”
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “প্রতিটি পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি নিজে মণ্ডপগুলো পরিদর্শন করেছি। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।”
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন প্রস্তুতিতে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা করছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
Reporter Name 






















