সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে এবং সংস্থাটির প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস. এম. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং প্রকল্প সমন্বয়কারী মো. রবিউল ইসলাম।
দিনব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন সক্রিয় কর্মী সালমা আক্তার। তাঁকে সহযোগিতা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, অ্যাডভোকেট এস. এম. সোহরাব হোসেন বাবলু এবং কাউন্সিলর সুমাইয়া নাজনীন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারণা, ‘আশ্বাস’ প্রকল্প, সাইবার ট্রাফিকিং, সিটিআইপি অ্যাক্টিভিস্টদের ভূমিকা, কাউন্টার ট্রাফিকিং কমিটির কার্যক্রম, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ, কার্যকর নেতৃত্ব, ট্রমা-ইনফর্মড কমিউনিকেশন এবং ভুক্তভোগীদের সহায়তা বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।
এ ছাড়া দলীয় আলোচনার মাধ্যমে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে ‘সাসটেইনেবিলিটি প্ল্যান’ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রশিক্ষণে মানব পাচার প্রতিরোধে মাঠপর্যায়ে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভুক্তভোগীদের সহায়তা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সমাপনী অধিবেশনে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়ার পর প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন সাতক্ষীরা জেলা সক্রিয় কর্মী দলের সভাপতি শাফিরুল ইসলাম।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সহায়তায় কার্যক্রম পরিচালনা করে আসছে।
Reporter Name 



















