
প্রতিনিধি,নেছারাবাদ পিরোজপুর;
নেছারাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন একটি সমবায় সমিতির পরিচালক মো. ফরিদ চৌধুরী। সংবাদে প্রকাশিত তথ্যকে ‘মনগড়া ও মানহানিকর’ দাবি করে ফরিদ চৌদুরী এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদে ফরিদ চৌধুরী দাবি করেন, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে তার পরিচালিত সমিতির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সমিতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলোকে তিনি একটি ‘কুচক্রী মহলের অপপ্রচার’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, সমিতি থেকে ঋণ নেওয়া কয়েকজন সদস্য যথাসময়ে টাকা পরিশোধ না করে পাওনা অর্থ ফেরত না দেওয়ার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে এসব সংবাদ প্রকাশ করাচ্ছেন।
ফরিদ চৌধুরীর বলেন, সমবায় সমিতির প্রচলিত আইন ও বিধিবিধান মেনেই দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। গ্রাহকদের জমাকৃত আমানত নির্ধারিত শর্তসাপেক্ষে সমিতির সদস্যদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়। তবে কিছু সদস্য ঋণ নেওয়ার পর নির্ধারিত সময়ে তা পরিশোধ না করে বছরের পর বছর সময়ক্ষেপণ করছেন।
তিনি আরও দাবি করেন, গ্রাহকদের জমাকৃত অর্থের সুরক্ষা ও পাওনা আদায়ের স্বার্থে ঋণগ্রহীতাদের কাছ থেকে আইনানুগভাবে অর্থ আদায়ের উদ্যোগ নিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বাধ্য হয়ে আইনের আশ্রয়ও নিতে হয়েছে। ফরিদ চৌধুরী বলেন, সমিতি থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করা গুটিকয়েক ব্যক্তি সাংবাদিকদের ভুল বুঝিয়ে সমিতি ও আমার বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছেন। এতে আমার প্রতিষ্ঠান এবং আমি আর্থিকভাবে ঝুঁকির মধ্যে পড়ছি।
সম্প্রতি তার ও সমিতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলোর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এসব সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সাংবাদিকদের উচিত ছিল বিষয়টি যাচাই করে সমিতি কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া।
তিনি বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। সাংবাদিকতা একটি মহৎ পেশা। তাই কারও দ্বারা প্ররোচিত না হয়ে সঠিক তথ্য যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
Reporter Name 


















