
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি পুলের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই পুলের ঢালাই উঠে যেতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের টিআর তৃতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় ৬ নম্বর ওয়ার্ডের বিন্না আশরাফ আলী মিয়ার বাড়ির সামনে পুল নির্মাণের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিঞা। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা।

স্থানীয়দের অভিযোগ, পুল নির্মাণে যথাযথ মান বজায় রাখা হয়নি। নির্মাণের ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ঢালাইয়ের অংশ উঠে যাচ্ছে এবং পুলের স্থায়িত্ব নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেছেন। তাদের দাবি, এভাবে কাজ চলতে থাকলে পুলটি ছয় মাসও টিকবে না।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, এর আগে ওই এলাকায় এমন নিম্নমানের সরকারি উন্নয়নকাজ দেখা যায়নি। তারা বিষয়টি তদন্ত করে প্রকল্পের কাজের মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Reporter Name 


















