সাতক্ষীরা প্রতিনিধি:
ইলেকট্রনিক পণ্যের বিপণন কার্যক্রম সম্প্রসারণ, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং বাজার সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের খুলনা বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার (ডিএসএম) মো. হাবিবুর রহমান।
সাতক্ষীরা ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী মো. শাহ আলম, এমইপি গ্রুপের সাতক্ষীরা টেরিটোরি সেলস ম্যানেজার মো. ইব্রাহিম, সাতক্ষীরা সদর এলাকার পরিবেশক মাসুম বিল্লাহ সাগর, ফিল্ড অফিসার আবু বক্কর ও গোলাম মোস্তফাসহ স্থানীয় ব্যবসায়ী ও ইলেকট্রিশিয়ানরা।
সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রজেক্টরের মাধ্যমে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য উপস্থাপন করা হলে উপস্থিত ব্যবসায়ী ও ইলেকট্রিশিয়ানরা আগ্রহের সঙ্গে তা পর্যবেক্ষণ করেন।
এ সময় অংশগ্রহণকারীরা পণ্যের মান, ব্যবহারিক সমস্যা, গ্রাহক চাহিদা এবং বাজার সম্প্রসারণ নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। জবাবে কোম্পানির প্রতিনিধিরা ব্যবসায়ীদের পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে এমইপি গ্রুপের পক্ষ থেকে ‘টপ সেলার’ ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন বিক্রেতার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যবসায়িক সাফল্য ধরে রাখার আহ্বান জানান অতিথিরা।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পণ্যের মানোন্নয়ন এবং গ্রাহকসেবা আরও উন্নত করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।
Reporter Name 



















