সাতক্ষীরা প্রতিনিধি:
যশোর শিক্ষা বোর্ডের পুনঃতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে তার বরখাস্তাদেশ কার্যকর হয়েছে। বিদ্যালয়ের সভাপতি শাহ মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসকের পুনঃতদন্তে প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে ত্রুটিপূর্ণ নিয়োগ ও যোগদান, রয়েল ইউনিভার্সিটি থেকে অর্জিত বি.এড সনদ সংক্রান্ত অসঙ্গতি, দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাসের পূর্বে বিধিবহির্ভূতভাবে সিনিয়র স্কেল গ্রহণ, সেকায়েপ (SEQAEP) প্রকল্পের অর্থ বণ্টনে নীতিমালা লঙ্ঘন, অনুমোদন ছাড়া অতিরিক্ত শাখা খোলা ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগ এবং কিশোরী টয়লেট ও কমফোর্ট জোন দীর্ঘদিন বন্ধ রাখা।
যশোর শিক্ষা বোর্ডের ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত চিঠি এবং গত ৯ আগস্ট অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্তের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বরখাস্তাদেশে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিনি আপিল অ্যান্ড আরবিট্রেশন ট্রাইব্যুনালে আবেদন করবেন কিনা, সে বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া সাময়িক বরখাস্তকালীন সময়ে সরকারি বিধি অনুযায়ী তিনি মূল বেতনের অর্ধেক হারে খোরাকি ভাতা পাবেন। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, বিষয়টি নিয়ে শিক্ষা প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।
Reporter Name 




















