সাতক্ষীরা প্রতিনিধি:
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে সাতক্ষীরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘জেলা প্রশাসক ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬’। শ্রাবণের অঝোর ধারার মধ্যেও দর্শকদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।
সোমবার সকাল থেকেই সাতক্ষীরাজুড়ে ভারী বর্ষণ হলেও তাতে ভাটা পড়েনি ফুটবলপ্রেমীদের আগ্রহে। কেউ ছাতা মাথায়, কেউবা বৃষ্টিতে ভিজেই স্টেডিয়ামের গ্যালারি ও মাঠের চারপাশে অবস্থান নেন। দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এমন বর্ণাঢ্য ফুটবল আয়োজনকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে ফিরে আসে উৎসবের আমেজ।
বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরাজ্জামান মনি, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কণক, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী চিকিৎসক আবুল কালাম বাবলা এবং সাবেক ফিফা রেফারি তৌয়েব হাসান শামসুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শ্যামনগর উপজেলা একাদশ ও কলারোয়া উপজেলা একাদশ। বৃষ্টিভেজা মাঠে দুই দলের খেলোয়াড়রা উপহার দেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে শ্যামনগর উপজেলা একাদশ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, খেলাধুলা সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক ও ভার্চ্যুয়াল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার নতুন প্রতিভাবান ফুটবলারদের বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার আটটি দল অংশ নিচ্ছে। আগামী দিনগুলোতে সাতক্ষীরা পৌরসভা, কালীগঞ্জ, সাতক্ষীরা সদর, তালা, দেবহাটা ও আশাশুনি উপজেলার দলগুলো মাঠে নামবে।
আয়োজকরা জানান, কোয়ার্টার ফাইনাল শেষে ২২ ও ২৩ আগস্ট সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Reporter Name 


















