কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় ভাত রান্না নিয়ে পারিবারিক বিরোধের জেরে কাঠের ডাসার আঘাতে কানন বালা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার একমাত্র ছেলে সুজন বালা (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সুনীল বালার স্ত্রী কানন বালার সঙ্গে গত শনিবার দিবাগত রাতে তার ছেলে সুজন বালার ভাত রান্না নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। রাত সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তাদের মধ্যে বিরোধ চলতে থাকে।
একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে ক্ষিপ্ত হয়ে সুজন বালা ঘরের দরজায় ব্যবহৃত কাঠের ডাসা দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন ভোরে সুজন তার মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় কানন বালাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কানন বালার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বাদী হয়ে সোমবার (১৮ আগস্ট) কাউখালী থানায় ভাগিনা সুজন বালাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে সুজন বালাকে গ্রেপ্তার করে পুলিশ।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী জানান, নিহতের ভাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত সুজন বালাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে।
Reporter Name 






















