সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার গণমাধ্যম অঙ্গনের প্রবীণ সাংবাদিক, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম নূর ইসলাম আর নেই। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জি এম নূর ইসলাম বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক সমাজসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের পথচলায় জি এম নূর ইসলাম সাতক্ষীরার স্থানীয় সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মানুষের নানা সমস্যা, স্থানীয় জনস্বার্থের বিষয় এবং অধিকার আদায়ের আন্দোলনে তার লেখনী ও ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
সাতক্ষীরার গণমাধ্যম জগতে তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। স্থানীয় সাংবাদিকতা ও মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
Reporter Name 



















