
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের ১০ নম্বর আমড়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা একটি জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ এই ভবনটি বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ভবনটির বিভিন্ন অংশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যে কোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ভবনটির কারণে বিদ্যালয়ের নতুন ভবনের বেশ কিছু শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ের খেলার মাঠের পরিধিও সংকুচিত হয়ে পড়েছে, ফলে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনটি বর্তমানে মশা-মাছি, জীবাণু ও বিষাক্ত সাপের নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে এসব উপদ্রব আরও বেড়ে যায়। এছাড়া রাতের বেলা ভবনটিতে বখাটেদের আড্ডা বসে এবং মাদকসেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন ও শাহরিয়া জানায়, “মাঠ ছোট হয়ে যাওয়ায় আমরা ঠিকমতো খেলাধুলা করতে পারি না। পুরাতন ভবনের ভেতরে সাপ ও পোকামাকড় থাকার কারণে সবসময় ভয় লাগে।”
বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্য সাথী ইসলাম ও অভিভাবক রফিক হাওলাদার বলেন, “পরিত্যক্ত ভবনটির কারণে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। সন্ধ্যার পর এটি বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়। দ্রুত ভবনটি অপসারণ করা প্রয়োজন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা চক্রবর্তী জানান, ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।
তিনি বলেন, “পুরাতন ভবনটি বিদ্যালয়ের সামনে থাকায় নতুন ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে। শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করছে না এবং খেলার মাঠও ছোট হয়ে গেছে। ভবনটি অপসারণ করা হলে মাঠের পরিধি বাড়বে, ফুলের বাগান করা যাবে এবং শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে খেলাধুলা করতে পারবে।”
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা মাসিক সমন্বয় সভায় ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের বিষয়টি আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে পরিত্যক্ত ভবনটি দ্রুত অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
Reporter Name 



















