
সাতক্ষীরা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বী ৬৪টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর।
রোববার (১৮ অক্টোবর) সকালে শহরের পলাশপোল এলাকার টেনিস গ্রাউন্ডে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর বলেন, “প্রতিবছর দুর্গাপূজার সময় আপনাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যক্তিগত উদ্যোগে কিছু খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। আমি সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। আশা করি, সবাই ভালো থাকবেন। অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব।”
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে।”
নিজের নির্বাচনী এলাকার মানুষের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সাবেক এ কাউন্সিলর বলেন, এলাকার মানুষের যেকোনো সমস্যা তাঁকে জানালে তিনি তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করবেন। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিপদে-আপদে সহযোগিতা করাকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জয়ন্ত সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, সাবেক শিক্ষা কর্মকর্তা অলোক কুমার তরফদার এবং জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ।
এ সময় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ময়দা, সুজি, তেল, চিনি, ছোলার ডাল ও বিভিন্ন ধরনের মসলা। দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।
Reporter Name 


















