সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমুল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীনসহ অন্যান্যরা।
সভায় সড়ক-মহাসড়কে শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ, সংঘবদ্ধ অপরাধী চক্রের অপতৎপরতা দমন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জাকারিয়া হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বাল্যবিয়ে বন্ধসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 





















