
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ এর পবিত্র আগমন, তাঁর মহান জীবনাদর্শ, উত্তম চরিত্র ও সুন্নাহর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণে সৃষ্টি হয় ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমিন সালেহী। আলোচনায় তিনি মহানবী এর আদর্শ, উম্মতের প্রতি তাঁর ভালোবাসা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম কোরআন-সুন্নাহর আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁদের নসিহত ও নবীপ্রেমের বাণীতে উপস্থিত মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন।
দরুদ ও সালাম, কোরআন-সুন্নাহর আলোচনা এবং মহানবী এর জীবনাদর্শের আলোচনায় মাহফিলটি ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়।
Reporter Name 













