
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
উপকূলীয় অঞ্চলে নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে বাগেরহাটের রামপালে বৃষ্টির পানি সংরক্ষণের (রেইন ওয়াটার হার্ভেস্টিং) জন্য ৮২টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ট্যাংক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ, বাগেরহাট জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল প্রেস ক্লাবের সদস্য নুরজামাল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় মোংলা ও রামপাল এলাকায় লবণাক্ততার কারণে সুপেয় পানির তীব্র সংকট দীর্ঘদিনের সমস্যা। এ সংকট মোকাবিলায় জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় পর্যায়ক্রমে প্রায় তিন হাজার দরিদ্র পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা হবে, যাতে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে নিরাপদ পানির চাহিদা পূরণ করতে পারেন।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে পানির ট্যাংক পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রামপাল উপজেলার সরকারি পুকুরগুলো সংস্কার করে সুপেয় পানির উৎস হিসেবে গড়ে তোলা হবে। এসব পুকুরে কোনো ধরনের মাছ চাষের অনুমতি দেওয়া হবে না, যাতে সেগুলো নিরাপদ পানির সংরক্ষণে ব্যবহার করা যায়।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ৮২টি পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ করেন।
Reporter Name 



















