
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগে অভিযুক্ত এক শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
অভিযুক্ত শিক্ষিকা রেশমা আক্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার চলতি দায়িত্ব পালন করছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) ধারায় তার বিরুদ্ধে অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, গত ২৫ জুন (বৃহস্পতিবার) বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার সময় স্থানীয়রা রেশমা আক্তারের বহন করা ব্যাগে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির ২৪টি ডিম ও ২২ প্যাকেট রুটি দেখতে পান। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।
ঘটনার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় বিষয়টি তদন্ত করে। তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২৮ জুন (রোববার) জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ অভিযুক্ত শিক্ষিকাকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তলব করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তলবে হাজির হয়ে রেশমা আক্তার অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। বিষয়টির পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
Reporter Name 



















