
সাতক্ষীরা প্রতিনিধি:
‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাত ধোয়ার সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি দেখানোর পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সুস্থ জীবনযাপনে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, এস্টিমেটর মো. মফিজুর রহমান, প্রধান সহকারী মো. ইব্রাহিম হোসেন রিপন এবং ক্যাশিয়ার শংকর কুমার বিশ্বাস।
উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলন সাতক্ষীরার উপপরিচালক মনিরুজ্জামান মনি, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান এবং হাই সোয়া সংস্থার জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও সংক্রামক রোগ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা বা জীবাণুর সংস্পর্শে আসার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
পরে উপস্থিত শিক্ষার্থীদের সামনে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 

















