
সাতক্ষীরা প্রতিনিধি:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দক্ষ পেশাদার চালকদের হাতে স্মারক ও সনদ তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় ফিরে আসে।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান, সামছুজ্জামান এবং জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে দক্ষ পেশাদার চালকদের হাতে স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের দায়িত্বশীল ভূমিকা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
Reporter Name 

















