
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় চার পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান মাতুব্বর ওরফে আকিব (৩৫) নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমানের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্দার এলাকা থেকে উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় রমজান মাতুব্বর ওরফে আকিবের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করা হয়।
আটক রমজান মাতুব্বর ওরফে আকিব বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মৃত ফজলুল হক মাতুব্বরের ছেলে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 
























