বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় নিউ লাইফ মেডিকেল সার্ভিসের উদ্যোগে এ সেবামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মাওলানা মো. নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার এবং বিশিষ্ট সমাজসেবী সেলিনা হোসেন বাবলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. ফিরোজ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. কাওসার আহমেদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, মাসব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দেওয়া হবে। পাশাপাশি গর্ভবতী নারীদের প্রসবপূর্ব স্বাস্থ্যপরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শও বিনামূল্যে প্রদান করা হবে।
অর্থনৈতিক অসচ্ছলতার কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, এ উদ্যোগের মাধ্যমে তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করছেন আয়োজকরা।
এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, মাসব্যাপী এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করবে নিউ লাইফ মেডিকেল সার্ভিস।
Reporter Name 






















