সাতক্ষীরা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য পদে দলের একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, আসাদুজ্জামান আসাদ এবং সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির পক্ষ থেকে ইউপি সদস্য পদে একক প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিনকে আহ্বায়ক এবং সাবেক যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—আব্দুর রশিদ মিয়া, আশরাফ হোসেন ও আব্দুর রকিব মোল্লা।
Reporter Name 
















