সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আনছারীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পূর্বের পদে পুনর্বহাল করেছে নওগাঁ জেলা বিএনপি। জেলা বিএনপির এ সিদ্ধান্তে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও তাঁর সমর্থকদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।
গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা বিএনপির ওই পত্রে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মো. আব্দুল্লাহ আনছারীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
পত্রে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে আব্দুল্লাহ আনছারী তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে জেলা বিএনপি আশাবাদী।
এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে, আব্দুল্লাহ আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করায় নওগাঁ জেলা বিএনপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর সমর্থকরা। তাঁরা এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। একই সঙ্গে আগামী দিনে দলীয় কর্মকাণ্ডে আব্দুল্লাহ আনছারীর সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
Reporter Name 
















