বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকায় প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই অটো ও ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া বাড়ানো হয়েছে। হঠাৎ ভাড়া বৃদ্ধির ফলে নিত্যযাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রী, শিক্ষার্থী, শিক্ষক ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, যাত্রীদের মতামত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অটো ও ইজিবাইকের চালক-মালিকরা নিজেদের সিদ্ধান্তে নতুন ভাড়ার তালিকা তৈরি করে যানবাহনে টানিয়ে যাত্রী পরিবহন করছেন। এতে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রায়ই চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটছে।
বর্তমানে বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে অটো ও ইজিবাইকের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করে আদায় করা হচ্ছে। এতে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নিয়মিত যাতায়াতকারী কয়েকজন যাত্রী ও শিক্ষার্থী জানান, দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে ভাড়া কিছুটা সমন্বয় করা হলেও স্বল্প দূরত্বের ভাড়া একসঙ্গে বাড়িয়ে দেওয়ায় তাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। প্রতিদিন যাতায়াত করতে হওয়ায় মাস শেষে এ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।
অন্যদিকে অটোচালকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাটারি চার্জিংয়ের খরচ বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। তাই বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে তারা ভাড়া সমন্বয় করতে বাধ্য হয়েছেন।
তবে ভাড়া বৃদ্ধির বিষয়ে পৌর প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন না থাকায় সাধারণ যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ভাড়া নির্ধারণে প্রশাসনের হস্তক্ষেপ এবং একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, “অটো ও ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Reporter Name 

























