
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে বিভাগীয় শহর বরিশালে সরাসরি কোনো বাস সার্ভিস না থাকায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। জরুরি দাপ্তরিক কাজ, উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা এবং ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষকে একাধিক যানবাহন বদলে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে যেমন সময়ের অপচয় হচ্ছে, তেমনি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কাউখালী থেকে প্রতিদিন শত শত মানুষ বরিশালে যাতায়াত করলেও সরাসরি বাস সার্ভিস না থাকায় এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এখনও অবহেলিত রয়ে গেছে।
কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী মো. খোকন বলেন, “ব্যবসায়িক মালামাল কিনতে এবং বিভিন্ন ব্যাংকিং কাজে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন বরিশাল যেতে হয়। কিন্তু সরাসরি বাস না থাকায় প্রথমে অটোরিকশা বা মোটরসাইকেলে বেকুটিয়া কিংবা রাজাপুর যেতে হয়। এরপর সেখান থেকে বরিশালগামী বাসে উঠতে হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি মালামাল নিয়ে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয়। আমরা দ্রুত কাউখালী-বরিশাল রুটে সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানাই।”
নিয়মিত যাত্রী ও চাকরিজীবী রাকিব হোসেন বলেন, “আমার বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য প্রায়ই বরিশালে নিয়ে যেতে হয়। কিন্তু সরাসরি বাস না থাকায় বারবার যানবাহন পরিবর্তন করতে হয়, যা অসুস্থ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেশি। একটি সরাসরি বাস সার্ভিস চালু হলে এই দুর্ভোগ অনেকটাই কমে আসবে।”
বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী আবু রায়হান ও সালমা সুলতানা বলেন, “কাউখালী থেকে অনেক শিক্ষার্থী বরিশালের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রতিদিন সকালবেলার ক্লাস কিংবা পরীক্ষা ধরতে ভোরে রওনা দিতে হয়। সরাসরি বাস না থাকায় পথে অনেক সময় নষ্ট হয়, যা লেখাপড়ায় নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি একাধিক যানবাহনে যাতায়াত করতে হওয়ায় ব্যয়ও বেড়ে যায়। শিক্ষার্থীদের সুবিধার জন্য অন্তত সকাল ও বিকেলে নিয়মিত বাস সার্ভিস চালু করা জরুরি।”
স্থানীয়দের অভিযোগ, কাউখালী থেকে ঢাকা, পিরোজপুরসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ব্যবস্থা থাকলেও বিভাগীয় শহর বরিশালের সঙ্গে এখনো সরাসরি বাস যোগাযোগ গড়ে ওঠেনি। ফলে প্রতিদিন সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী যাত্রী, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল দ্রুত কাউখালী-বরিশাল রুটে সরাসরি বাস সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট পরিবহন মালিক সমিতি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
রিয়াদ মাহমুদ সিকদার 























