
ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৬) নামে এক টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকার একটি রেন্ডি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বপন দেবনাথ উপজেলা সদরের কাপুরিয়াপট্টি এলাকার ‘শ্রুতি টেইলার্স’-এর মালিক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কাউখালীতে ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় একটি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বপনের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা কাউখালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে মরদেহ কাউখালী থানায় নেওয়া হয়।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বপনের সঙ্গে তাঁর স্ত্রীর বিরোধ চলছিল। দোকানের কাজে মনোযোগ না দিয়ে মোবাইল ফোনে গেম খেলায় বেশি সময় ব্যয় করা নিয়েও তাঁদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো বলে জানা গেছে। ঘটনার আগে তাঁর স্ত্রী মোবাইল ফোনটি নিয়ে গিয়েছিলেন বলেও দাবি করেছে স্থানীয় সূত্রগুলো। তবে এসব ঘটনার সঙ্গে স্বপনের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
Reporter Name 





















