
সাতক্ষীরা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। রোববার (১৮ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পাশাপাশি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক সহযোগিতা করারও অনুরোধ জানান পুলিশ সুপার।
তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি অব্যাহত রয়েছে।
Reporter Name 



















