কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
জরুরি মুহূর্তে সংকটাপন্ন ও অসুস্থ রোগীদের দ্রুত অক্সিজেন সেবা নিশ্চিত করতে পিরোজপুরের কাউখালীতে সামাজিক সংগঠন ‘ইউনিটি ফর হিউম্যানিটি’ বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। মানবিক এ উদ্যোগকে স্থানীয়রা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
উপজেলার সামাজিক সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এস. কে. শহীদ, আইরন জয়কুল এম. এম. মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি ইনচার্জ মো. মাসুম হাওলাদার, স্থানীয় যুবসমাজের প্রতিনিধি এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
সংগঠনের নেতারা জানান, কাউখালী উপজেলায় প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস। নদীবেষ্টিত ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অনেক সময় গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া সম্ভব হয় না। ফলে জরুরি অবস্থায় সময়মতো অক্সিজেন না পেয়ে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে বিনামূল্যে সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সিলিন্ডারের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
তারা আরও জানান, এ সেবা গ্রহণের ক্ষেত্রে রোগীকে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদর্শন করতে হবে। জরুরি প্রয়োজনে সংগঠনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করলে রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে। পাশাপাশি ভবিষ্যতে সংকটাপন্ন রোগীদের দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিতে জরুরি যাতায়াত সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, “কাউখালীর ভৌগোলিক অবস্থান এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় প্রবীণ ও সংকটাপন্ন রোগীরা সময়মতো অক্সিজেন সুবিধা থেকে বঞ্চিত হন। অথচ জরুরি মুহূর্তে অক্সিজেনের অভাবে একজন রোগীর প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। এমন বাস্তবতায় ‘ইউনিটি ফর হিউম্যানিটি’র এই উদ্যোগ মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরনের মানবিক উদ্যোগ জরুরি চিকিৎসাসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।
Reporter Name 
























