বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইমরান খান সালামকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখা। একই সঙ্গে তাঁর নিঃশর্ত মুক্তি ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিএমএসএফের নেতারা বলেন, সামান্য কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে একজন সাংবাদিককে গ্রেফতারের বিষয়টি উদ্বেগজনক। অভিযোগের যথাযথ তদন্ত ও সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কোনো সাংবাদিক যেন হয়রানি বা অন্যায়ভাবে পেশাগত ও ব্যক্তিগত প্রতিহিংসার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে ইমরান খান সালামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুরঞ্জিত দাসের চেম্বারে চিকিৎসা নিতে যান সাংবাদিক ইমরান খানের বাবা মো. বেলায়েত হোসেন খান। চেম্বারে নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরবর্তী সময়ে চিকিৎসককে মারধর ও অশোভন আচরণের অভিযোগে পুলিশ সাংবাদিক ইমরান খান সালামকে আটক করে। ওই দিন রাতেই তাঁকে কারাগারে পাঠানো হয়।
তবে চিকিৎসকের পক্ষ থেকে আনা অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়েছে বিএমএসএফ।
Reporter Name 























