সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নতুন নেতৃত্ব, নতুন প্রত্যয়—শ্রমিকদের ঐক্য, অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে নওগাঁর সাপাহারে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদরের তেঁতুলতলা এলাকার একটি আমের আড়তঘরে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অতিথি ও শ্রমিকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত শ্রমিক ইউনিয়নের সভাপতি তাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাপাহার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বাদল) এবং শিরন্টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় শ্রমিকরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ ও পরিচিতি সভাকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও সুসংগঠিত হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার, স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও শ্রমিক সদস্যরা।
Reporter Name 



















