কাউখালী প্রতিনিধি:
নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে তৃণমূল সংগঠক ও তরুণী কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার প্রশিক্ষণ উপপরিষদের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন সংগঠনের প্রশিক্ষক সম্পাদক প্রভাতী মৃধা। সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহানুর বেগম, নারী নেত্রী ছায়া সমাদ্দার, মৌমিতা সাহা, মাহফুজা খাতুন, চায়না মজুমদার, নিতু মণ্ডল, রেক্সোনা আক্তার, সুমি আক্তার ও শামীম আরা।
প্রশিক্ষণে মোট ৩০ জন তৃণমূল সংগঠক ও তরুণী কর্মী অংশ নেন। এতে নারীর অধিকার, দায়িত্ব, সামাজিক ভূমিকা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে সুনন্দা সমাদ্দার বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারী ও তরুণীদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলা জরুরি। এ ধরনের প্রশিক্ষণ নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
সাধারণ সম্পাদক সাহিদা হক বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে নারীর অধিকার, সমমর্যাদা ও ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত ও সচেতন করার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং নারীর অধিকার ও ক্ষমতায়ন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 























