সাতক্ষীরা প্রতিনিধি:
পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পেশাগত দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের মাঠপর্যায়ের প্যারেড দক্ষতা, শারীরিক সক্ষমতা ও পোশাক-পরিচ্ছদের মান পর্যবেক্ষণ করেন। এ সময় দক্ষতা ও শৃঙ্খলার ভিত্তিতে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন তিনি। প্যারেডের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার বলেন, মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিজেদের স্মার্ট ও জনবান্ধব পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই।
তিনি আরও বলেন, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানিসহ সরকারি সম্পদের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার, সরকারি মালামালের যথাযথ সংরক্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলাম।
প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের ব্যারাক, ডি-স্টোর ও অস্ত্রাগার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আখতারুজ্জামান, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
Reporter Name 



















