
কাউখালী প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইব্রাহীম খলিলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক সমবায় সমিতির সভাপতি শামসুর রহমান মিজান, ইমাম সমবায় সমিতির সভাপতি মাওলানা এবাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সন্ধ্যা সমবায় সমিতির সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সমবায় সমিতির নেতা মো. সাইদুল ইসলাম এবং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শামসুর রহমান মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেহানা আক্তার বলেন, সমবায় পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউখালীর ৩৭টি সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণ এ অঞ্চলে সমবায় কার্যক্রমের প্রতি মানুষের আগ্রহেরই প্রতিফলন।
তিনি বলেন, সমবায়কে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সমিতিগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। বিশেষ করে যুবসমাজ ও নারীদের সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে বেকারত্ব নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলার ৩৭টি সমবায় সমিতির সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















